আগের দিনে পাননি খাবার, করিনি কোন আপ্যায়ন,
তাইতো তিনি খাটের পায়াতে করেছেন দন্ত ঘর্ষন।
তিনি আসবেন,তার জন্য
আয়োজন করে সম্পূর্ণ,
জানালা দিলাম খুলে-
উত্তুরে বায়, ঠান্ডা লাগায়
তবু তো তাঁর অপেক্ষায়
পাত্র ভরেছি জলে।
রেখেছি খাঁচায় টমেটো, তাঁর প্রিয় ফল জেনে-
কোকো পাউডার, আর প্যারিসের মিশ্রনে
কিছু চাল গম দিলাম ছড়িয়ে।
গত রাতে তাঁর দাঁতের ধারে
ঘুম কেড়েছিল, শব্দের জোরে-
তাই আয়োজন আজ রাতে,ডেকেছি দু হাত বাড়িয়ে।
অপেক্ষায় থেকে থেকে চোখ যে এল জড়িয়ে,
ভাবছি যখন বৃথা আয়োজন,
কেন এলেননা,কি হল?
শোবার ঘরে, এতদিন ধরে
এত দাপাদাপি শব্দের শান,
ভবলীলা তাঁর সাঙ্গ হল কি?
কার হাতে গেল, প্রান?
হঠাৎ চেয়ে সিঁড়িঘরে দেখি
রয়েছে তার প্রমান,
তিনিএসেছেন,গান গেয়েছেন
দাঁতগুলি করে ক্ষয়মান।
বিগবাজারে কেনা,নতুন জামাখানা
পরেছি হাতে গোনা।
দর্জির কাছে দেব বলে
রেখেছি ব্যাগের ভেতরে,
সে ব্যাগ ছিল সাইকেলে-
ঝুড়ির ওপরে
তার দফারফা,সাঙ্গ করেছেন
কেটেছেন এখানে ওখানে,
এত আয়োজন নিষ্ফল হল,
এমন হবে তা কে জানে!
ঘরের ভেতরে অতিথি না এসে
সিঁড়ি ঘরে তার স্বাক্ষর,
আমরা জব্দ করতে গিয়ে
হলাম নাকাল জব্বর।
পুনর্মূষিক হবার জন্য আবার পেতেছি ফাঁদ,
তিনি যে চতুর,
চেখে দেখবেন কি,
প্যারিসকোকোর স্বাদ?

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন