পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ৮ মে, ২০২০

আমার রবীন্দ্রনাথ - রত্নদীপ ভদ্র


তোমার প্রিয় কবি 'রবীন্দ্রনাথ', এই রচনা মুখস্থ করতে বসে চতুর্থ শ্রেণীতে প্রথম পরিচয়। 'কবি' তে 'ই'কার, 'রবি' যে 'ই'কার, যেই হলো 'রবীন্দ্রনাথ' ওমনি দুম করে 'ঈ'?
বাবাকে বললাম 'ভুল লিখেছেন', বাবা বোঝালেন কি সব সন্ধি না ছাই! তখনকার মতো সন্ধিস্থাপন হলেও মনঃপূত হলো না।
বাবা ছবি দেখিয়ে চেনালেন। ' মা গো! কি বিচ্ছিরি। একগাল দাড়ি, ঠিক 'মহাভারতের' ভীষ্মের মতো।' নিজের মতো করে বুঝলাম অনেক বুড়োবয়সে কবি হয়েছেন বোধহয়।
সেই থেকেই এই লোকটিকে আমি ঠিক পছন্দ করি না।

 স্কুলের উঁচু ক্লাসে আবার অন্য বিপদ!  আমি বুঝলাম একরাজা আর ভিখারির গল্প নিয়ে লেখা কবিতা, বড্ড সাদামাটা, স্যার বলেন না, খুব জটিল, পরোমব্রহ্ম কে নিজেকে উৎসর্গ না কি সব।পড়ে বুঝি এক, স্যার বোঝান আরেক। আচ্ছা মুশকিল! পড়তে তো ভালোই লাগে কিন্তু কি যেন বোঝা বাকি থেকে যায়।
প্রতি বছর স্কুলে আমি 25শে বৈশাখ কবিতা আবৃত্তি করে প্রশংসা পাই। কবিতা মুখস্থ করে বলতে হবে তাই বার বার পড়ি, ' বীরপুরুষ' , 'আফ্রিকা', ভালো লাগে পড়তে কিন্তু ঠিক ধরতে পারিনা। ধুর ছাই। বাদ থাক, আমার আরও ঢের কাজ থাকে।

কলেজে বাবা আমি ইংরেজি অনার্স! এলিট ক্লাস। জন ডান, মিল্টন ইংরাজীর তুবড়ি।প্রিয় বন্ধুরা অনেকেই অন্য ডিপার্টমেন্ট।ওরা কি সব বাংলা না কি যেন পড়ে।

 ক্যান্টিনের আড্ডাতে তুমুল ঝড় তনুশ্রী, মৌসুমী, সব্যসাচী দের সাথে, ওই রবীন্দ্রনাথ নাকি ' কালজয়ী', যতসব। আরে বাবা 'গীতাঞ্জলি'টা ইংরেজিতে অনুবাদ হয়েছিল বলেই না পেলো। নাহলে ধরে কাছে থাকতো শেক্সপিয়ার, কিটস, শেলীর? যতসব আদিখ্যেতা!

বয়স বাড়ার সাথে সাথে এলো প্রেম। চিঠিতে ছত্রে ছত্রে প্রেমিকা কোট করে সেই রবীন্দ্রনাথ। বড্ড ঝামেলা। জবাব দিয়ে ঝাড়লাম মিল্টন, ব্যস, আর কি , ফুস! রাগ টা গিয়ে পড়লো ওই রবীন্দ্রনাথের ওপর। আমারই দোষ কেও রবীন্দ্রনাথ পড়া মেয়ের সাথে প্রেম করে?

কলেজের পর অখণ্ড অবসর, বেকার তো। ওই সারাদিন বাড়ির লোককে দেখিয়ে পড়াশোনা আর বিভিন্ন লেখকের বই। বেছে পড়িনা, যা পাই। বাড়িতে অনেক বই, না না আমার নয়, মা বাবা দুজনেই যে বাংলার শিক্ষক। শরৎচন্দ্র, বিভূতিভূষণ, দ্বিজেন্দ্রলাল, মাইকেল, শংকর, উপেন্দ্রকিশোর, সুকুমার, সত্যজিৎ বাদ যায় না কিছুই। শেষে তাক ঝেড়ে, বাধ্য হয়ে বারকরলাম,  'গোরা', ' বউ ঠাকুরানীর হাট' 'রাজর্ষি', 'খোকাবাবুর প্রত্যাবর্তন', ' ছুটি', 'ক্ষুধিত পাষাণ', আরো কত। দুচোখে বিস্ময় একজনের পক্ষে এক জীবনে পড়ে শেষ করা যায় না তুমি এতই বিস্তৃত! বুঝলাম কিছুই বুঝিনি এতকাল।

"মানুষের মধ্যে দ্বিজত্ব আছে;
মানুষ একবার জন্মায় গর্ভের মধ্যে,
আবার জন্মায় মুক্ত পৃথিবীতে।
মানুষের এক জন্ম আপনাকে নিয়ে,..." 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বেশিবার পড়া